জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ ফেব্রুয়ারি) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সালিম সামাদের ঘনিষ্ঠ বিশিষ্ট কলামিস্ট ও লেখক মহিউদ্দিন আহমদ এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
লেখক মহিউদ্দিন আহমদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কারও মৃত্যুসংবাদ শুনতে এবং শোনাতে ভালো লাগে না। অথচ মৃত্যুই জীবনের একমাত্র সত্য। শুক্রবার সকালে দেখতে গিয়েছিলাম। মনে হয়েছিল, শেষ সময়টুকু পার করছে। মিনিট পাঁচেক আগে খবর পেলাম, সে আর নেই। সুহৃদ সালীম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’
রোববার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হবে জানা গেছে।
সালিম সামাদ তার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি।
সালিম সামাদ পরিবেশ ও উন্নয়ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং গবেষণার কাজও করেছেন। দেশ–বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণাপ্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর।
২০০২ সালে তৎকালীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। পরে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে রাখা হয়।
সালিম সামাদ সাম্প্রতিক সময়ে ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন।








