ঈদে সিনেমা হলে মুক্তি উপলক্ষে সোমবার বিকেলে চ্যানেল আই ছাদ বারান্দায় চলছিল জ্বীন-৩ এর সংবাদ সম্মেলন। সেখানেই আসে সু-সংবাদ!
সংবাদ সম্মেলন চলাকানীন ‘জ্বীন ৩’ ছবির প্রযোজক আবদুল আজিজ চিৎকার দিয়ে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ্ ‘জ্বীন ৩’ সেন্সর পেয়েছে। এই সংবাদটা সবার জানা উচিত। সেন্সর ছাড়পত্র (চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড) যেহেতু পাওয়া গেছে, তাই ঈদে মুক্তিতে আর কোনো বাধা নেই।
আইস্ক্রিনের আয়োজনে ‘জ্বীন ৩’ সিনেমার এই সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমা হলে মুক্তির ৪ মাসের মধ্যে আইস্ক্রিনে দেখা যাবে ‘জ্বীন ৩’।
সংবাদ সম্মেলনে ‘জ্বীন ৩’ ছবির ‘ব্যবধান’ নামে একটি গান প্রকাশ করা হয়। এখানে আরও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা সজল, নুসরাত ফারিয়া, পরিচালক কামরুজ্জামান রোমান, চ্যানেল আইয়ের এক্সকিউটিভ ডিরেক্টর (প্রোগ্রাম অপারেশনস) হারুন অর রশীদ, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুবসহ অনেকে।
সজল বলেন, একটি সুন্দর টিম থাকলে কাজটি ভালো হয়। ‘জ্বীন ৩’-এর পুরো টিম আমরা বিশ্বাস নিয়ে সবাই একসাথে যুদ্ধ করেছি। ইতোমধ্যে কন্যা গানটি সবার ভালোবাসা পাচ্ছে। আশা করছি সিনেমাটিও সবার মন জয় করবে। ঈদে সবাইকে সিনেমা হলে দেখার আমন্ত্রণ জানাই।
নুসরাত ফারিয়া বলেন, আগে যেসব সিনেমা করে যেগুলোর জন্য ডায়েট করতে হতো কিন্তু ‘জ্বীন ৩’ এর জন্য বেশি প্রস্তুতি নিতে হয়নি। আমি যেমন তেমনভাবে নিজেকে তুলে ধরেছি।
এদিকে ‘জ্বীন ৩’-এর পোস্টারে নুসরাত ফারিয়ার যে লুক প্রকাশিত হয়েছে, সেটাও দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরী করেছে। পোস্টার দেখে কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? এ বিষয়ে সংবাদ সম্মেলনে ফারিয়া বলেন, “অনেকে ভাবছে আমি জ্বীন! কিন্তু এই ছবিতে জ্বীনটা কে সেটা জানার জন্য সিনেমা হলে গিয়ে দেখতে হবে।”
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।
‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ‘জ্বীন ৩’-এর ওটিটি পার্টনার হিসেবে আছে আইস্ক্রিন।








