আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। যিনি নিজের সুনিপুণ অভিনয় দক্ষতা নিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু জানেন কি, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে কখনোই অভিনয় জগতে আসতে চাননি জয়া বচ্চন।
বরং তার ইচ্ছে ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু পাননি সেই সুযোগ। সেই বিষয় নিয়েই এবার নাতনি নভ্যার শোতে এসে কথা বললেন অমিতাভ ঘরনি।
সম্প্রতি মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোতে এসেছিলেন জয়া বচ্চন। সেখানেই তারা তাদের নানা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মূলত লিঙ্গবৈষম্য নিয়ে।
এসময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নেন জয়া বচ্চন। তিনি জানান, তিনি ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তখন লিঙ্গ বৈষম্য ছিল, তাই তিনি তার সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ‘আমার মনে আছে একটা সময় আমি খুব বিরক্ত হয়েছিলাম। আমি তখন সেনায় যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু তখন ওরা সেনায় কোনও মহিলাদের নিত না। নিলেও নার্স হিসেবে নিত।’
পুরুষ অধ্যুষিত জায়গায় তখনকার দিনে মহিলাদের সুযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য ছিল বলেও তিনি দাবি করেন। তিনি আরো জানান, আমি এমনভাবেই বড় হয়ে উঠেছি যে তার নিজের বক্তব্য সঠিকভাবে সঠিক জায়গায় বলতে পারবে, যখন ইচ্ছে বলতে পারবে। আমি একটি অন্য রকম পরিবেশে বড় হয়েছি, তাই আমার ভাবনাগুলো আলাদা।- পিঙ্কভিলা








