দিনে-দুপুরে হাইওয়েতে হামলার শিকার হয়েছেন শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা জান্নাত জুবায়ের। হামলার সময় তার ছোট ভাই আয়ান জুবায়েরও তার সঙ্গে ছিল।
জানা গেছে, দিনের আলোয় একটি ব্যস্ত হাইওয়ের ওপর কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে বচসার সূত্রপাত হয় এবং হঠাৎ করেই একদল লোক জান্নাতের গাড়ির ওপর চড়াও হয়। দাবি করা হয়েছে যে, কেবল কথা কাটাকাটি নয়, জান্নাত এবং তার ভাই আয়ানকে শারীরিকভবেও হেনস্থাও করা হয়েছে।
দুষ্কৃতীরা এখানেই থেমে থাকেনি। জান্নাত যখন পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন, তখন তারা নিজেদের গাড়ি নিয়ে জান্নাতের গাড়িটিকে তাড়া করতে শুরু করে। দীর্ঘক্ষণ এই শ্বাস রুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তাদের।
জান্নাতের প্রতিনিধিরা জানিয়েছেন, অভিনেত্রী এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রকাশ্যে দিনে-দুপুরে সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তারা। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।
খবরটি সামনে আসতেই জান্নাতের লক্ষ লক্ষ অনুরাগী উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভক্তদের প্রশ্ন, ‘দিনের আলোয় হাইওয়েতে যদি একজন জনপ্রিয় অভিনেত্রী নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের অবস্থা কী?’- ইন্ডিয়া ডটকম








