বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং দেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী ও স্মরণীয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করছে জনতা পার্টি বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান যৌথভাবে এক বার্তায় এই শোক প্রকাশ করেন।
বার্তায় তারা উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বলিষ্ঠ, সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও দৃঢ়প্রতিজ্ঞ নেতৃত্ব, যাঁর অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
বার্তায় তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনা, সাংবিধানিক কাঠামোর ভেতরে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহকে কার্যকর রাখা এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব, ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা জাতির ইতিহাসে একটি স্বতন্ত্র অবস্থান অর্জন করেছে।
তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা, সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং নিজ আদর্শ ও অবস্থানে অবিচল থাকার পরিচয় দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল একটি রাজনৈতিক দল নয়, সমগ্র জাতি একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবক ও দেশপ্রেমিককে হারালো। তাঁর অনুপস্থিতি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিন অনুভূত হবে।
এই শোকাবহ মুহূর্তে জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিশেষে নেতৃদ্বয় বলেন, জাতীয় জীবনের এই গভীর শোকের ক্ষণে আমরা মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।








