বিয়ে করেছেন টেলিভিশনের দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ মুন, তিনিও একজন অভিনেত্রী। রবিবার (৬ এপ্রিল) রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জামিল হোসেন নিজেই। রবিবার রাতে নিজের ফেসবুকে মুনের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন ‘আলহামদুলিল্লাহ’। পরে সোমবার দুপুরে একাধিক ছবি পোস্ট করে লিখেন,“সবাই দোয়া করবেন আমাদের জন্য।”
নাট্যাঙ্গনের অনেক সহকর্মী জামিল ও মুনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই জামিল ও মুনের সম্পর্ক ছিলো। বিয়ের মধ্য দিয়ে তাদের প্রেম পূর্ণতা পেল। শোবিজের বহু পরিচিত মুখ এই দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
টেলিভিশন অভিনেতা জামিল হোসেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিত পান। পরে বাংলা নাটকে এসেও দর্শকপ্রিয়তা অর্জন করেন। ছোটপর্দায় মুনমুনও বেশ চেনা মুখ। জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।








