আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ। সেখান থেকে এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে সিঙ্গাপুরে খেলতে যাবে লাল-সবুজের দল। ম্যাচ দুটির আগে নিজেদের ভালোমতো ঝালিয়ে নিচ্ছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ভিয়েতনাম পরীক্ষার আগে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে নামবে বাংলাদেশ। দক্ষিণ-পুর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল তারা, খেলবে নিজেদের মাঠে, লড়াই জামাল-হামজা চৌধুরীদের জন্য কিছুটা কঠিনই। র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ পিছিয়ে বাংলাদেশ। দলের উপর অবশ্য আস্থা রাখছেন জামাল। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে বললেন সেটি।
বাংলাদেশের অগ্রগতির কথা টেনে জামাল বলেছেন, ‘ম্যাচ কঠিন হবে, কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’
ফিফা র্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে আছে ভিয়েতনাম, বাংলাদেশের অবস্থান ১৮০তে।








