ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭)-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ।
এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরদিন সোমবার (৬ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
গ্রেপ্তারের আগে নিজের ব্যবহৃত ‘সাওদা সুমি’ নামের ফেসবুক আইডিতে তিনি বিভিন্ন পোস্ট দেন। একটি পোস্টে তিনি ইরান থেকে তেল আমদানির প্রসঙ্গ তুলে ভারতের কাছ থেকে বেশি দামে তেল কেনার সমালোচনা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারবিরোধী মন্তব্য করতে দেখা গেছে তাকে।
মামলার এজাহারে পুলিশ জানায়, রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পোস্টগুলোর সত্যতা স্বীকার করে জানান, ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এসব পোস্ট করেছেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। তার মোবাইল ফোনের তথ্য পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সময় লাগায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয় এবং পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানানো হয়।







