আল্লাহর উপর ভরসা ও দেশের মানুষের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, বিদেশিদের ঘাড়ে মাথা রেখে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী।
ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু-জাকসুতে জয় এবং তৃণমূলে জামায়াতের সমর্থন বাড়ায় দলটির প্রতি বহির্বিশ্বের আগ্রহ বেড়েছে।
সোমবার ৬ অক্টোবর বিকেলে বসুন্ধরায় জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে বৈঠক করেন বাংলাদেশে সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির। বৈঠককালে ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির।
এ ছাড়াও দুদেশের ব্যবসা বাণিজ্য, কূটনীতিতে পারস্পরিক সহযোগিতামূলক অবস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী।








