ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সফরের প্রতিবাদে ওয়াশিংটনজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি।
সোমবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়, রোববার স্থানীয় সময় রাতে স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গাজা যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী দুই দিন ধরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে তাড়াহুড়ো করে নির্ধারিত বৈঠক করবেন।
বৈঠকগুলোতে মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং জিম্মিদের বিষয়ে আলোচনা করা হবে, যাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। সেইসাথে ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরের কথা ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নেতানিয়াহু রোববার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন।








