মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ লেবাননে সীমিত ও লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান চালানো হচ্ছে।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার ইসরায়েলের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন প্যারামেডিকও রয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সতর্ক সংকেত জারি করা হলেও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের সেনারা দক্ষিণ লেবাননের কৌশলগত কিছু স্থানে প্রবেশ করে হিজবুল্লাহর ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। স্থল অভিযানের পাশাপাশি দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ধারাবাহিক বিমান হামলাও চালানো হচ্ছে।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় দুই সপ্তাহ আগে ওই ঘটনার জেরে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র না করা পর্যন্ত তাদের সামরিক অভিযান চলবে।








