হামাস যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় তাহলে ইসরায়েলও রাজি হবে বলে দাবি করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি।
সোমবার (৩ জুন) আল জাজিরাসহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে গাজায় সব ধরনের হামলা বন্ধ এবং সব জিম্মির মুক্তির কথা বলা হয়।
বাইডেন প্রস্তাব দেওয়ার পরপরই হামাস জানায়, তারা এই প্রস্তাবে ইতিবাচক আছে।
তবে বাইডেনের প্রস্তাবে যুদ্ধকালীন মন্ত্রিসভা সম্মত হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না।
প্রায় ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৬ হাজার ৪০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন তারাও দুর্ভিক্ষসহ অন্যান্য সমস্যায় পড়েছেন। এ কারণেই এখন দ্রুত যুদ্ধবিরতির প্রতি জোর দিচ্ছে বিশ্বের সব দেশ।








