ক্ষমতাচ্যূত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রবেশকারী না শরণার্থী—এমন প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১০ এপ্রিল) কলতাকায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়াসহ অনুপ্রবেশকারীর সাহায্যকারীদের জেলে ভরার দাবি করেছে। শুক্রবার বিজেপির ইশতেহারেও বলা হয়েছে অনুপ্রবেশকারীদের প্রতি জিরো টলারেন্স-এর।
সেই প্রসঙ্গ টেনে অভিষেকের প্রশ্ন রাখেন- ‘‘দেড় বছর ধরে শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? নরেন্দ্র মোদীর সরকার কী কারণে তাকে আশ্রয় দিয়েছেন? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি! তিনি অনুপ্রবেশকারী না শরণার্থী! অমিত শাহ জবাব দিতে পারবেন?’’
অভিষেক এও প্রশ্ন তোলেন, ‘‘বাংলাদেশে চিন্ময় প্রভুর ওপর যে অত্যাচার করা হয়েছিল, তখন বিজেপি কি পদক্ষেপ নিয়েছে?’’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে তিনি ঠিক কোন পরিচয়ে বা কোন স্ট্যাটাসে রয়েছেন, তা নিয়ে কেন্দ্রের নীরবতাকেই এ দিন হাতিয়ার করেছেন তৃণমূলের সেনাপতি।







