বুধবার (২১ আগস্ট) থেকে আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আট জেলায় প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। বন্যার ভয়াবহতায় সেখানকার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিতে তীব্র স্রোতের কারণে বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় হেলিকপ্টার দিয়ে ভুক্তভোগীদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটায় ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘দক্ষ কোনো রেসকিউ টিম আছে, যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’
বৃহস্পতিবার বিকেলে ইমামি হ্যান্ডসাম-চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান তারকা ইরফান সাজ্জাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ফেনীর আবহাওয়ার অবনতি হয়েছে। তাই হেলিকপ্টার ম্যানেজ হলেও যাচ্ছে না। আমার একাধিক ফ্রেন্ড রয়েছে ক্যাপ্টেন তারা জানালো, বাজে আবহাওয়ার জন্য ডিফেন্সের হেলিকপ্টার যাচ্ছে। তাই হেলিকপ্টার দিয়ে উদ্ধার সম্ভব হচ্ছে না।
প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার দেয়া না গেলেও বোটের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান ইরফান। তিনি বলেন, ফেনীতে থাকা একাধিক ফাউন্ডেশন আমার সঙ্গে যোগাযোগ করেছে। চট্টগ্রাম থেকে ওদের জন্য একাধিক বোটের ব্যবস্থা করে দিয়েছি। সর্বোচ্চে চেষ্টা করছি, আমি বন্যার্তদের পাশে আছি।








