ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি দূর করতে একটি অভিযান শুরু করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। নেতানিয়াহু বলেন, গত ৪৭ বছর ধরে আয়াতুল্লাহ শাসকগোষ্ঠী ইসরায়েলের মৃত্যু হোক এবং আমেরিকার মৃত্যু হোক স্লোগান দিয়ে আসছে।
তিনি আরও বলেন, তারা ইসরায়েলের রক্ত ঝরিয়েছে, বহু আমেরিকানকে হত্যা করেছে এবং নিজেদের জনগণকেও হত্যা করেছে। এই হত্যাকারী সন্ত্রাসী শাসনব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না, যা তাদের সমগ্র মানবজাতিকে হুমকি দেওয়ার সুযোগ করে দেবে। নেতানিয়াহুর দাবি, যৌথ এই পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার পরিবেশ সৃষ্টি করবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সময় এসেছে ইরানের সব জনগোষ্ঠীর পার্সিয়ান, কুর্দি, আজারি, বালুচি এবং আহওয়াজিদের অত্যাচারের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলার। তিনি ইসরায়েলের নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।
নেতানিয়াহু বলেন, আগামী দিনগুলোতে অপারেশন দ্য রোর অব দ্য লায়ন-এ সবার ধৈর্য ও দৃঢ়তার প্রয়োজন হবে। আমরা একসাথে দাঁড়াব, একসাথে লড়ব এবং একসাথে ইসরায়েলের চিরস্থায়িত্ব নিশ্চিত করব।








