তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। তবে সেটি তুরস্কে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো–এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে ভূপাতিত করে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সময়মতো সনাক্ত করে আঘাত হেনে নিষ্ক্রিয় করা হয়।
এদিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার রাত থেকে তিন দিনব্যাপী শোকানুষ্ঠান শুরুর কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে প্রস্তুতির দৃশ্যও দেখা যায়। তবে আয়োজকদের বরাতে রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।







