ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে কয়েকশ মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট। শুক্রবার ২০ ফেব্রুয়ারি পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা এবং এর জেরে মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের পাল্টা আঘাতের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সেনা প্রত্যাহার করা হয়েছে।
কাতারের আল উদেইদ থেকে কয়েকশ সেনা সরানো হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি বাহরাইন থেকেও কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তবে ইরান ও আশপাশের অঞ্চলের দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনা সরানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এদিকে, সামরিক হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুপক্ষের ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি নিয়ে সময়সীমা নির্ধারণের পর ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের প্রেক্ষিতে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরসকে লেখা এক চিঠিতে এ সতর্কবার্তা দেয় তেহরান।

