মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, নির্দিষ্ট বন্ধুরাষ্ট্র ও অনুমোদিত দেশগুলোর জাহাজের জন্য এই নৌপথ খোলা রাখা হবে।
এনডিটিভি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে প্রণালিটি পুরোপুরি বন্ধ বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়। বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তান এই পাঁচ দেশের জাহাজ নিরাপদে চলাচলের অনুমতি পাচ্ছে।
আরাগচি বলেন, আমরা যেসব দেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচনা করি, তাদের জাহাজ চলাচলে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে। সাম্প্রতিক দিনগুলোতে ভারতের দুটি জাহাজ এই পথ অতিক্রম করেছে এবং বাংলাদেশও এই তালিকায় রয়েছে।
তবে যেসব দেশ চলমান সংঘাতে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জন্য এই পথ বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ এলএনজি এই সংকীর্ণ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কিন্তু গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখানে কড়াকড়ি আরোপ করে তেহরান।








