যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন’কে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সামরিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানি নৌবাহিনীর কাদার ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ছোড়া হয়েছে, যার কারণে রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।
ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি বলেন, ‘শত্রুপক্ষের এই নৌবহরের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসামাত্রই শক্তিশালী হামলার মুখে পড়বে তারা।’
তিনি আরও সতর্ক করে বলেন, মার্কিন রণতরী ও তার বহর ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় এলে আরও হামলা চালানো হবে।


