মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত রাস তানুরা রিফাইনারিতে আঘাত হানে বলে জানা গেছে। হামলার পর সাময়িকভাবে শোধনাগারের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
আজ (২ মার্চ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য এক্সপ্রেস জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার সময় স্থাপনায় আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার প্রভাব শুধু স্থানীয় অবকাঠামোয় সীমাবদ্ধ নাও থাকতে পারে; বরং আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা সৃষ্টি হতে পারে।
রিফাইনারির কার্যক্রম দীর্ঘ সময় ব্যাহত হলে বৈশ্বিক তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল শোধন করা হয়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিফাইনারিটিতে একাধিক শোধন ইউনিট, বৃহৎ সংরক্ষণ ট্যাংক ও বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দর থাকায় এর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর ও উন্নত।







