১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। শুক্রবার প্রাইজমানি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ২৭ কোটি টাকারও বেশি। যা মার্চে হতে চলা আইপিএলে ভারতীয় তারকা রিশভ পান্টের দামের চেয়েও কম। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন দলের কাছাকাছি অর্থই দেবে আইসিসি।
আইপিএলের ২০২৫ মেগা নিলামে শুরুতে সবচেয়ে দামি খেলোয়াড় হিসিবে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিলেন শ্রেয়াস আয়ার। গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেয়া অধিনায়ককে দলে টেনে নেয় পাঞ্জাব কিংস। পেছনে ফেলেন ২০২৪ মৌসুমের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ককে। সেটির মিনিট বিশেকের মধ্যে শ্রেয়াসের রেকর্ডও ভাঙে। ভাঙেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনিই।
বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে খেলা শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনে নেয়ার মিনিট বিশেকের মধ্যে রেকর্ড ২৭ কোটিতে পান্টকে দলে টানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ কোটি ৫৮ লাখ টাকারও বেশি। অন্যদিকে চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস পেয়েছেন ৩৭ কোটি ২৩ লাখ টাকারও বেশি।
সেই হিসেবে পান্টের পাওয়া অর্থের চেয়েও কম চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ীর প্রাইজমানি। তবে প্রতিযোগিতাটির ইতিহাসে এবাই সবচেয়ে বেশি অর্থ দেয়া হবে চ্যাম্পিয়ন দলকে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির তুলনার ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে।
২০২৫ আসরের জন্য মোট পুরস্কার তহবিল হবে ৬৯ লাখ মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা। অন্যদিকে আইপিএলের চ্যাম্পিয়ন দল পায় ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৮৪ লাখ টাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার রানার্সআপ দল পাবে ১১ লাখ ২২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা। দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া দলকেও মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ দল পাবে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপপর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের থাকবে না। টুর্নামেন্টের আট দলই এমনিতে ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির টুর্নামেন্টটি। ১৯ ফেব্রুয়ারি থেকে গড়াবে টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে আসরের।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।








