অপেক্ষা আর মাত্র একদিনের। এরপরই শেষ হবে আইপিএলের ১৬তম আসর। শিরোপা লড়াইয়ে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। শিরোপা কার ঘরে যাবে, জানতে সময়ের অপেক্ষা মাত্র। ফাইনালে জেতা দল কেবল শিরোপাই নয়, পাবে বিশাল অঙ্কের প্রাইজমানি। রানার্সআপ ও গ্রুপপর্ব পার করা দলগুলোর জন্যও রয়েছে মোটা অঙ্কের অর্থ।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল মহারণে মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। দুদলের লড়াই দিয়েই শুরু হয়েছিল আসর, শেষটাও হতে চলেছে ধোনি ও হার্দিক পান্ডিয়ার দ্বৈরথ দিয়ে।
জনপ্রিয়তার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানি দেয়াতেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এগিয়ে আইপিএল। ২০২৩ মৌসুমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে কত টাকা পাবে, কত টাকা যাবে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির পকেটে?
এখন পর্যন্ত আইপিএলের প্রাইজমানি বৃদ্ধির কোনো বার্তা দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বলা যাচ্ছে, গত মৌসুমের সমপরিমাণ প্রাইজমানি থাকছে চলতি আসরেও। আগের হিসাব অনুযায়ী, আইপিএলের মোট প্রাইজমানি ৪৬.৫ কোটি রুপি। এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। ১৩ কোটি পাবে রানার্সআপ দল। তিনে থাকা মুম্বাই ৭ কোটি, শীর্ষ চারে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পাচ্ছে ৬.৫ কোটি রুপি।
এর বাইরে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও রয়েছে মোটা অঙ্কের পুরস্কার। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি পাবেন ১৫ লাখ রুপি করে। তাদের তুলনায় বেশি অর্থ পাবেন সেরা উদীয়মান ক্রিকেটার, ২০ লাখ। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার পাবেন ১২ লাখ। ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইক রেটে খেলা ক্রিকেটার পাবেন ১৫ লাখ। পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন ও গেম চেঞ্জার অব দ্য সিজন নির্বাচিতরা পাবেন ১২ লাখ রুপি করে।








