বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আড়াই মাসের মতো। বিশ্বমঞ্চে নামার আগে তাই শেষমুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ২০২৬ বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দল ব্রাজিল ও ফ্রান্স। তবে ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলা ফরাসিদের সঙ্গে পারেনি সেলেসাওরা। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসিদের হয়ে একটি করে গোল করেন কাইলিয়ান এমবাপে ও হুগো একিতিকে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রেমার।
ম্যাচের প্রথম দিকে তেমন একটা সুবিধা করতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধের ৩২ মিনিটে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপে। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় ডেয়ট উপামেকানো। ১০ জন হয়ে যাওয়া ফ্রান্সের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল।
উল্টো ৬৫ মিনিটে ব্যবধান দিগুণ করে ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন একিতিকে।
শেষদিকে বেশ কিছু আক্রমণ চালালেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল, কেবল ৭৮ মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হন ব্রেমার। ব্রাজিলের জার্সিতে এটি তার প্রথম গোল। শেষপর্যন্ত দুদলের কেউই আর জালের দেখা না পেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আনচেলত্তির শিষ্যদের।
রোববার কলম্বিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স, আর ব্রাজিল মঙ্গলবার মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।








