মেজর লিগ সকারে ষষ্ঠ ম্যাচে রেডবুলস নিউইয়র্কের বিপক্ষে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের ১৩ মিনিট বাকি পর্যন্ত লিড ধরে রেখে শেষে গোল হজমে পয়েন্ট হাতছাড়া হয় ফ্লোরিডার ক্লাবটির। এদিন সরাসরি কোন গোলের সাথে নাম ছিল না বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা।
ঘরের মাঠে নিউইয়র্কের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। ম্যাচের ১৫ মিনিটে জর্জ রুভালকাবার গোলে লিড পায় সফরকারী দল। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময় মাতেও সিলভেত্তির গোলে সমতায় ফেরে স্বাগতিক দল।
৫৫ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মেসিরা, জার্মান বার্টারমের গোলে এগিয়ে যায় মিয়ামি। ৭৭ মিনিটে নিউইয়র্কের আদ্রি মেহমেতি আবারও সমতায় আনলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
৬ ম্যাচ শেষে ৩ জয়, ২ ড্র এবং ১ হারে ১১ পয়েন্ট নিয়ে চারে আছে মিয়ামি। সমান ম্যাচে সমান জয়, ১ ড্র ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রেডবুলস নিউইয়র্ক। ন্যাশভিল সমান ম্যাচ খেলে ৪ জয় ও একটি করে ড্র এবং হার নিয়ে ১৩ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।







