কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। পুরো ম্যাচে ৩৮ বর্ষী আর্জেন্টাইন মহাতারকাকে কঠিন মার্কিংয়ে রেখেছিল প্রতিপক্ষ রক্ষণভাগ। গোল আনতে পারেননি বিশকাপজয়ী। গোল না বাড়ায় ক্যারিয়ারের ৮৯৯তম গোলেই আটকে থাকলেন মেসি।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হয়। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে কেবল ৮টি শট নিতে সক্ষম হয় মিয়ামি, যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল ১টি শট। ৫৭তম মিনিটে মেসির ডানদিক থেকে নেয়া ডান পায়ের শটও দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াক। ৬৫তম মিনিটে ন্যাশভিলের ক্রিশ্চিয়ান এস্পিনোজার ক্রস থেকে পাওয়া বলে হেডে শট নেন রিড বেকার-হোয়াইটিং, সেটা ঠেকিয়ে দেন মিয়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।
আগামী ১৯ তারিখ বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় লেগে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ৯০০তম এর মাইলফলক থেকে এক গোল দূরে। ১৫ তারিখ রোববার ভোর সাড়ে ৫টায় মেজর লিগ সকারে শার্লটের মাঠে স্বাগতিকদের বিপক্ষে নামবে মিয়ামি। মেসি সেদিন গোল পেলে ক্যারিয়ারের অন্যতম মাইফলক ছোঁবেন।








