গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার।
রোববার বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যম পরিদর্শনে এলেন তিনি।

চ্যানেল আই ভবনে মন্ত্রীকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
সেসময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
‘মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয়’ শীর্ষক স্মারকে তার ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় ৫ দশকের রাজনৈতিক পথচলার কথা স্মরণ করা হয়।
চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশন্স) হারুন রশীদ এবং জনপ্রিয় টক-শো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান সেসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গণমাধ্যমের সামনে থাকা নানা চ্যালেঞ্জ—সংবাদ ব্যবস্থাপনায় বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো—নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরিবর্তনের যে বার্তা জনগণ দিয়েছেন, তা অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সংশ্লিষ্ট সবাইকে।
সাংবাদিকদের মতামত নিয়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যকর্মীদের বাতিল করা এক্রিডিটেশন কার্ড এবং হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়েও প্রশ্ন ছিলো নতুন তথ্যমন্ত্রীর কাছে।

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই সংবাদ বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও চ্যানেল আই নিউজের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ বার্তা বিভাগের সাংবাদিকরা।
পরে মন্ত্রীকে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাতে রাসুলটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার।
শেষে চ্যানেল আই সংবাদ বিভাগ ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংবাদকক্ষে তাকে স্বাগত জানান অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর ও ডিজিটাল অপারেশন্স চিফ তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা এবং চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার।

