শিল্পপতিদের সম্মতিতেই শিল্পে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন: ধনীদের গ্যাসের জন্য সরকার কেন জনগণের অর্থ ভর্তুকি দেবে। এমনকি বাংলাদেশ ছাড়া পৃথিবীর খুব কম দেশ বিদ্যুৎ এবং জ্বালানীতে এত ভর্তুকি দেয়।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও বলেন: বিশ্ববাজার থেকে যে মূল্যে গ্যাস কেনা হচ্ছে, সে মূল্যেই শিল্পপতিদের কিনতে হবে; সরকার কেন বিত্তশালীদের জন্য ভর্তুকি দেবে।
আইএমএফ’র ঋণ প্রসঙ্গে তিনি বলেন: তেমন কোন শর্ত দিয়ে আইএমএফ ঋণ দিচ্ছে না, ঋণ শোধ দেয়ার ক্ষমতা থাকলেই কেবল তারা ঋণ দেয়।








