ভারত পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের মরুভূমি এলাকায় শুরু করেছে বিশাল যৌথ সামরিক মহড়া ‘ত্রিশুল’। এতে অংশ নিয়েছে দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীসহ অন্যান্য প্রতিরক্ষা সংস্থা।
৩০ অক্টোবর শুরু হওয়া এই মহড়া চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এতে প্রায় ৩০ হাজার সেনা সদস্য অংশ নিচ্ছেন যা ভারতের অন্যতম বৃহত্তম যৌথ সামরিক মহড়া।
দ্য টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্য মতে, নৌবাহিনী ২০ থেকে ২৫টি যুদ্ধজাহাজ এবং বিমানবাহিনী প্রায় ৪০টি যুদ্ধবিমান মোতায়েন করেছে।
‘ত্রিশুল’ মহড়া বিস্তৃত হয়েছে রাজস্থানের মরুভূমি থেকে কচ্ছ ও স্যার ক্রিকের উপকূলীয় জলাভূমি পর্যন্ত। এক সেনা কর্মকর্তার মতে, মহড়ার মূল লক্ষ্য হলো স্থল, আকাশ, মহাকাশ ও মানবহীন নজরদারি সম্পদের সমন্বয়, যা ভবিষ্যৎ বহু-ডোমেন যুদ্ধ ও একীভূত অভিযান পরিচালনায় সহায়ক হবে। পাশাপাশি ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অপারেশন এবং কাউন্টার-ড্রোন সিস্টেম পরীক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে। মহড়ায় পরীক্ষা করা হচ্ছে টি-90s ও অর্জুন ট্যাঙ্ক, হাউইটজার বন্দুক, অ্যাপাচি হেলিকপ্টারসহ আধুনিক দেশীয় অস্ত্র ও প্রযুক্তি।
এ ছাড়া সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস পরিচালনা করেছে সুদর্শন ক্ষমতা নামে বিশেষ লজিস্টিক ড্রিল, যা ভারতের সামরিক উদ্ভাবন ও স্বনির্ভরতা প্রদর্শন করছে।







