রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভের কারণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।
গতকাল (২৬ আগস্ট) সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি কূটনৈতিক পত্রে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার সময়, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীরা পাসপোর্ট ফেরত চাওয়ায় তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল। কিন্তু পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন। ভিসা কেন্দ্রের কর্মীদের হুমকি দিতে থাকেন তারা।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঘাবড়ে যান ভিসা কেন্দ্রের লোকজন।
পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, তা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠিটি পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন।








