প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে অনুষ্ঠিত এ সাক্ষাত হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি ঐতিহাসিক বন্ধুত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।







