টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের সাথে ফোনালাপে জানিয়েছেন অভিনন্দন। দীর্ঘ ১১ বছর পর আইসিসির বৈশ্বিক ইভেন্টে কোনো ট্রফি জেতায় কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে ঝরিয়েছেন অকুণ্ঠ প্রশংসা।
রোববার সকালে এক্স হ্যান্ডলে করা পোস্টে মোদি লিখেছেন, ‘রাহুল দ্রাবিড়ের অবিশ্বাস্য কোচিং যাত্রা ভারতীয় ক্রিকেটকে সাফল্যে রূপ দিয়েছে। তার অটল নিবেদন, কৌশলগত অন্তর্দৃষ্টি এবং সঠিক প্রতিভা লালন দলকে বদলে দিয়েছে।’
‘ভারত তার অবদান এবং প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য তার কাছে কৃতজ্ঞ। তাকে বিশ্বকাপ জিততে দেখে আমরা খুশি। তাকে অভিনন্দন জানিয়ে আনন্দিত।’
দুর্দান্ত অধিনায়কত্বের জন্য রোহিত শর্মাকে নিয়ে পোস্ট করেছেন মোদি। লিখেছেন, ‘আপনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আপনার আক্রমণাত্মক মানসিকতা, ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন মাত্রা দিয়েছে। আপনার টি-টুয়েন্টি ক্যারিয়ারটাকে ভালোবেসে মনে থাকবে। এর আগে আজ আপনার সাথে কথা বলতে পেরে আনন্দিত।’
সাউথ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বড় ভূমিকা রাখেন বিরাট কোহলি, হন ম্যাচসেরা। তাকে নিয়ে আলাদাভাবে পোস্ট লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী।
‘আপনার সাথে কথা বলে আনন্দিত। ফাইনালে ইনিংসের মতো, আপনি ভারতীয় ব্যাটিংকে দুর্দান্তভাবে নোঙর করিয়েছেন। সবধরনের খেলায় আপনি উজ্জ্বলতা ছড়িয়েছেন। টি-টুয়েন্টি ক্রিকেট আপনাকে মিস করবে। তবে আমি নিশ্চিত, আপনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে থাকবেন।’








