২০১৮ সালে তার অধীনেই ভারত জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জাতীয় দলের দায়িত্ব নিয়ে সফলতার মুখ দেখলেও বিশ্বকাপ ট্রফিটা অধরাই থেকে গেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের পরই বিসিসিআইয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হবে। বিদায়বেলায় অবশ্য নিজের ব্যক্তিগত গৌরব কিংবা অর্জন নয়, টিম ইন্ডিয়ার ট্রফি জয়ের দিকেই তাকিয়ে ভারতীয় এই কিংবদন্তি।
বিশ্বকাপ শুরুর আগে দ্রাবিড় বলেছিলেন, এই প্রতিযোগিতাই হবে তার জাতীয় দলের দায়িত্বে থাকা শেষ অ্যাসাইনমেন্ট। তার জন্য হলেও ভারত বৈশ্বিক ট্রফি জিতুক এমন ক্যাম্পেইনও চলছে। ডু ইট ফর দ্রাবিড় নামের এই ক্যাম্পেইন নিয়ে অবশ্য পুরোপুরি অনাগ্রহী ভারতের কোচ। ফাইনালের আগের দিন নিজের মুখেই তা জানালেন।
‘আমি সত্যিই এটা বিশ্বাস করি না কারোর জন্য কাজটা করতে হবে। আমি এই উক্তিটি পছন্দ করি যে, কেউ অন্য কাউকে জিজ্ঞাসা করে, ‘আপনি কেন মাউন্ট এভারেস্টে উঠতে চান?’ এবং সে বলে আমি মাউন্ট এভারেস্ট আরোহণ করতে চাই, কারণ ওইটা সেখানে অবস্থান করছে। আমি এই বিশ্বকাপ জিততে চাই কারণ এটি এখানে বিদ্যমান। এটি কারোও জন্য নয়, কেবল জয়ের জন্যই রয়েছে।’
ক্রিকেটীয় ক্যারিয়ারে ক্লাসিক ব্যাটিংয়ের জন্য দ্য ওয়াল নামে খ্যাতি পেয়েছিলেন। অবসরের পর কোচ হিসেবে জাত চেনাতে থাকেন। দ্রাবিড় কোচ থাকাকালীন ভারত দুবার খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ঘরের মাটিতে টানা ৯ ম্যাচ জিতে খেলেছিল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটির অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আশাভঙ্গের বেদনায় পড়ে।
দ্রাবিড় ২০২১ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে জাতীয় দলের কোচ নিযুক্ত হন। গত বছর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিসিআই তা আলোচনা সাপেক্ষে নবায়ন করে। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এক বছরের জন্য হয়েছিল চুক্তি নবায়ন।








