ক্রিকেটে গত এক বছরে ছেলে-মেয়ে কিংবা যুবদল, সবমিলিয়ে আইসিসির সবগুলো প্রতিযোগিতায় বাজিমাত করেছে ভারত। এ সময়ে তারা জিতেছে পাঁচটি শিরোপা। এ পাঁচ দলকেই সম্মাননা দেবে ভারতের ক্রিকেট বোর্ড। আগামী রোববার দিল্লিতে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হবে।
ভারতের গণমাধ্যমে খবর, ওই অনুষ্ঠানে শিরোপাজয়ী ছেলে ও মেয়েদের ক্রিকেটের জাতীয় দল ও যুব দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের সম্মাননা দেয়া হবে।
গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফিও ঘরে তুলেছে তারা। বছরের শেষ দিকে প্রথমবার স্বাদ পায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপার। আর গত মাসে তারা জিতেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।এরপর ইতিহাস গড়ে গত রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপা জেতে সূর্যকুমার যাদবের দল।
মঙ্গলবার ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘নয়াদিল্লিতে ১৫ মার্চ বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সম্প্রতি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলসহ সব আইসিসি টুর্নামেন্ট বিজয়ীদের এবং তাদের কোচদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছি। এর মধ্যে সিনিয়র পুরুষ ও নারী দল, অনূর্ধ্ব-১৯ ছেলে ও মেয়েদের দলও রয়েছে, যারা প্রত্যেকেই ২০২৫ সালে ট্রফি জিতেছে।’








