পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার কারণে সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়ে গেছে টুর্নামেন্টটি। পরে পিসিবির প্রচেষ্টায় বিশেষ ফ্লাইটে পাকিস্তান ছাড়েন রিশাদ হোসেন ও নাহিদ রানা। দুবাই হয়ে এবার বাংলাদেশে ফিরলেন দুই টাইগার ক্রিকেটার।
শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রিশাদ ও নাহিদ। এর আগে শুক্রবার রাতে রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি। দুবাই থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দুই টাইগার ক্রিকেটার।
পিএসএল শেষ না হলেও ভারতের সঙ্গে সংঘাতের জেরে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিমানে দ্রুতই দুবাইয়ে নেয়ার ব্যবস্থা করে মহসিন নাকভির বোর্ড।
রিশাদ ও নাহিদের পাশাপাশি অন্য বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরাও একই বিমানে রাওয়ালপিন্ডি ছাড়েন। তারাও দুবাই থেকে নিজ গন্তব্যে গেছেন।








