দীর্ঘ অনিশ্চয়তা ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে সম্মতি দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে, বড় সংকট কাটিয়ে উঠেছে আইসিসি। সংস্থাটির সাথে পিসিবি ও বিসিবির আলোচনার পর পরিস্থিতি এখন যে পর্যায়ে, সেটিকে ইতিবাচক দেখছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।
আইসিসির মধ্যস্থতাকে সাধুবাদ জানিয়ে রাজীব বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে, আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।’
গ্রুপ ‘এ’র বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গড়াবে। ম্যাচ নিয়ে বয়কটের ঘোষণায় গত একসপ্তাহ ধরে সূচি ও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
সোমবার রাতে পাকিস্তান সরকার বিবৃতিতে জানিয়েছে, বন্ধুদেশগুলোর অনুরোধ ও ক্রিকেটের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে পাকিস্তান। লাহোরে আইসিসির উদ্যোগে পাকিস্তান, বাংলাদেশসহ সংশ্লিষ্ট বোর্ডগুলোর বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।


