এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৈশ্বিক আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আইসিসির বড় অঙ্কের বাণিজ্য। কিন্তু ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। বহুল প্রতীক্ষিত ম্যাচ বাতিল হলে আর্থিকভাবে বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট অর্থনীতি।
প্রচলিত হিসাব অনুযায়ী, ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের গড় আর্থিক মূল্য প্রায় ১০-১১ মিলিয়ন মার্কিন ডলার। যা ১০০ কোটি ভারতীয় রুপির কাছাকাছি। সে অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি হতে পারে। তাতে ২০০ কোটি রুপির বেশি ক্ষতি হতে পারে আইসিসির, বলছেন বিশ্লেষকরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬৯ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, ম্যাচটি বাতিল হলে পুরো টুর্নামেন্টের আর্থিক কাঠামোতে বড় প্রভাব ফেলতে পারে। শুধু সম্প্রচারকারী প্রতিষ্ঠান বা স্পন্সরদের নয়, বরং পুরো বিশ্বকাপের অর্থনৈতিক ভারসাম্যেই চাপ সৃষ্টি হতে পারে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কারণে এত বড় অঙ্কের সম্ভাব্য ক্ষতি মেনে নেয়া আইসিসির জন্য সহজ হবে না।
যদি শেষপর্যন্ত পাকিস্তান ম্যাচটি বয়কট করে, তবে পূর্ণ পয়েন্ট পাবে ভারত। সাথে প্রশ্ন উঠেছে, পরের রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে যদি ভারতের সঙ্গে ম্যাচ পড়ে, সেটিও বয়কট করবে পাকিস্তান?
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ ইস্যুতে রোববার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বৈঠকে সিদ্ধান্তে উপনীত হন যে, পুরো টুর্নামেন্ট না হলেও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবেন তারা।








