ম্যাচের পঞ্চম ওভারে বল করছিলেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় বলটিতে লং লেগের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান রোহিত শর্মা। তাতে ক্যারিবিয়ান ব্যাটিংদানব ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারা ব্যাটার এখন রোহিত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার আসরের প্রথম সেমিফাইনালে ভারত অধিনায়ক নিজের ছক্কাসংখ্যা ৫১তে নিয়ে গেছেন।
গেইল ওয়ানডে বিশ্বকাপে মোট ৪৯ ছক্কা মেরেছিলেন। বোল্টের বলে ছক্কা হাঁকিয়ে ৫০তম ছক্কাটি মেরে রেকর্ড গড়েন রোহিত। পরে ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনারের বলেও ওভার বাউন্ডারি মারেন।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা ভারত এপর্যন্ত সংগ্রহ করেছে ১০ ওভারে ১ উইকেটে ৮৪ রান। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা রোহিত ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে আউট হন। টিম সাউদির স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে কেন উইলিয়ামসনের তালুবন্দি হন।
ক্রিজে আসার পরই বিরাট কোহলির বিপক্ষে রিভিউ নেয়া হয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাট ছুঁয়েছিল। রানের খাতা খোলার আগে তাই কোহলিকে মাঠ ছাড়তে হয়নি। ৪ রানে অপরাজিত আছেন। শুভমন গিল ৩০ রানে ব্যাট করছেন।







