পুনে টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নেয় নিউজিল্যান্ড, তৃতীয় দিনের সকালটা আবার দারুণ কাটল ভারতের। ৫ উইকেটে ১৯৮ রানে দিনের খেলা শুরু করা কিউইরা আর ৫৭ রান যোগ করতে আলআউট হয়েছে। জিততে ৩৫৯ রানের কঠিন পথ পাড়ি দিতে হবে ভারতকে।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল নিউজিল্যান্ড। ৭৯.১ ওভার ব্যাট করে ২৫৯ রানে থামে কিউই প্রথম ইনিংস। জবাবে ৪৫.৩ ওভার ব্যাট করে ১৫৬ রানে ভারতের প্রথম ইনিংস থেমেছিল। প্রথম ইনিংসে ১০৩ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে ভারতের সামনে ৩৫৯ রানের পাহাড় ছুঁড়েছে সফরকারী দল।
ম্যাচের তৃতীয় দিনে শনিবার সকালে টম বান্ডেলকে বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। ৯ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। এরপর মিচেল স্যান্টনারের (৪) উইকেটও তুলে নেন তিনি। তার ঠিক পরের ওভারে টিম সাউদিকে শূন্যে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। কিউইদের নবম উইকেট তুলে নেন জাদেজা। ১ রানে ফেরেন এজাজ প্যাটেল। শেষ উইকেটটি যায় রানআউটে। ওয়াশিংটন সুন্দরের দারুণ থ্রো কাজে লাগাতে কোনো ভুল করেননি জাদেজা।
এর আগে ডেভন কনওয়ে (১৭), উইল ইয়ং (২৩), রাচীন রবীন্দ্র (৯) এবং ড্যারিল মিচেল (১৮) ফিরে যান। ১৮৩ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে কিউইবাহিনী। ১৩৩ বলে ৮৬ রান করে ওয়াশিংটনের শিকার হন ল্যাথাম। পরে ব্ল্যান্ডেল ও ফিলিপস দিন শেষ করেন।
ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। আর প্রথম ইনিংসের ৭ উইকেট নিয়ে টেস্টে ১১টি উইকেট শিকার করলেন তিনি। রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন এক উইকেট।








