ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পর্যায়ক্রমে ভালো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
আজ (২ মার্চ ফেব্রুয়ারি) সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া বাণিজ্যিক স্থবিরতা কাটিয়ে ওঠার লক্ষ্যে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ। পর্যায়ক্রমে সম্পর্ক ভালো হবে।
তিনি জানান, দুই দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সীমান্ত হাট (বর্ডার হাট) পুনরায় চালু করা, সব স্থলবন্দর খুলে দেওয়া, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং নতুন বাণিজ্য ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে হরমুজ প্রণালী ইস্যুতে তিনি বলেন, প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে জাহাজ ভাড়া বাড়তে পারে। তবে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানিসহ অন্যান্য আমদানিতে বড় ধরনের সমস্যা হবে না। এই বিষয়ে আপাতত কোনো শঙ্কা নেই।
পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, এলডিসি উত্তরণ-সংক্রান্ত সময়সীমা পেছানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।







