এশিয়ান কাপ ফুটবলে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পে জামাল ভুঁইয়াদের সঙ্গে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম।
সোমবার রাতে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলারের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলেন ফাহমিদুল। ওলবিয়া ক্যালসিও ইতালির চতুর্থ সারির লিগ বা সিরি ডি‘র ক্লাব। লিগে দলটির অবস্থান ১৩তে।
হামজা চৌধুরীর সঙ্গে লাল-সবুজ জার্সিতে অভিষেকের প্রতীক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে অভিষেক হতে পারে দুই প্রবাসী ফুটবলার- হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের।
মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে ২৫ মার্চ গড়াবে বাংলাদেশ-ভারত ম্যাচ। দ্বৈরথের জন্য অবসর ভেঙে ফিরছেন ভারতের বর্ষীয়ান ফরোয়ার্ড সুনীল ছেত্রী।








