ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে সন্ত্রাসীদের হামলায় বাস খাদে পড়ে ৯ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩৩ জন।
এনডিটিভি জানিয়েছে, বাসটি শিব খোরি গুহা মন্দিরে যাওয়ার পথে হামলার শিকার হয়। সন্ত্রাসীরা গুলি চালালে বাসটি খাদে পড়ে যায়।
রিয়াসির জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ মহাজন বলেন, এই ঘটনায় নয়জন তীর্থযাত্রী মারা গেছেন এবং ৩৩ জন আহত হয়েছেন। রিয়াসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মোহিতা শর্মা জানিয়েছেন, বাসকে লক্ষ্য করে গুলি চালালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শেষ হয়েছে তবে যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ধারণা করা হচ্ছে, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে থেকে এই হামলা চালিয়েছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলোতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।








