সন্ত্রাসবিরোধী আইনে ইসলামাবাদ পুলিশের মামলায় বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার ইসলামাবাদ হাইকোর্ট তার এ জামিন মঞ্জুর করেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় গ্রেপ্তারের সময় তার সাথে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেন ইমরান খান।
শনিবার ইসলামাবাদে এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় শাহবাজ গিলের সাথে করা অসদাচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা। একজন নারী বিচারক, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন ইমরান খান। এ ঘটনায় ওইদিন রাতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে ইমরান খান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
ইমরান খানকে যাতে গ্রেপ্তার করা না হয় সেজন্য ইসলামাবাদে তার বাসভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শত শত নেতাকর্মী।








