পাকিস্তানে নির্বাচনের ভোটগ্রহণের ৬০ ঘণ্টা পর বেসরকারিভাবে চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। প্রকাশিত ফলে ১০১ আসনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থনকারী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দলটি এককভাবে সর্বাধিক আসনে বিজয়ী হলেও সরকার গঠন নিয়ে রয়েছে সংশয়।
রোববার ১১ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই ১০১ আসনে জয় লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে ৩২ আসন কম।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হওয়ার অন্তত ৬০ ঘণ্টা পর চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইন্টারনেট সমস্যার জন্য ভোট কেন্দ্র থেকে ফল পাঠাতে দেরি হয়েছে বলে দাবি করে কমিশন।
ফল বিশ্লেষণে দেখা যায়, সেনাবাহিনী সমর্থিত নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-এন ২৬৬ আসনের মধ্যে ৭৩টি আসনে বিজয়ী হয়েছেন। এছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জিতেছে ৫৪টি আসন।
পিটিআই সমর্থিত বেশ কয়েকজন স্বতন্ত্রপ্রার্থী নির্বাচনের ফলে জালিয়াতির অভিযোগ এনে উচ্চ আদালতে আবেদন করেছেন। ভোটে কারচুপির অভিযোগে এ দলের আরও বেশ কয়েকজন প্রার্থী আগামী কয়েক দিনের মধ্যে আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও দেশটির একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে।
এদিকে ফল ঘোষণায় অভূতপূর্ব বিলম্বের জন্য পিটিআই কর্মী সমর্থকরা শনিবার থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেন।
উল্লেখ্য, নওয়াজ শরীফ এবং বিলাওয়াল ভুট্টো জোট সরকার গঠনের বিষয়টি আলোচনায় থাকলেও তাদের বিজয়ী আসনের সংখ্যা ১২৭টি, যা সংখ্যাগরিষ্ঠ আসন থেকে ৬টি কম।








