আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করেন দেশের সার্বিক নিরাপত্তা বলয় শক্তিশালী করার পাশাপাশি সব সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার।
ভোট ঘিরে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার জন্য এই নির্দেশ কার্যকর থাকবে।
সোমবার ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপসচিব কাজি আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট ২০২৬ নির্বিঘ্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশের সব স্থল বন্দরের বহিরাগমনাগমন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্বাচনে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশের ভেতরে প্রবেশ করতে না পারে এবং দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা রয়েছে- এমন কেউ কিংবা ঝুঁকিপূর্ণ কেউ যাতে নির্বাচনকালীন সময়ে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে নজরদারির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


