সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টুয়েন্টিতে সাকিব আল হাসানের অভিষেক ম্যাচে জয় পেয়েছে এমআই এমিরেটস। শারজাহ ওয়ারিয়র্সকে ৪ রানে হারিয়েছে সাকিব-পোলার্ডদের দল। এমিরেটসের হয়ে প্রথম ম্যাচে নামেননি সাকিব, হেরেছিল দলও। ব্যাট হাতে সাকিব করেছেন ১৬ রান, হয়েছেন রিটায়ার্ড আউট তথা স্বেচ্ছা আউট, পরে বল হাতে পাননি কোন উইকেট।
শারজায় টসে জিতে এমিরেটসকে ব্যাটিং আমন্ত্রণ জানায় টিম সাউদির দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে দলটি। রানতাড়ায় নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে ওয়ারিয়র্স ইনিংস।
আগে নেমে ওপেনিং জুটিতে ৫৬ রান আনে এমিরেটস। মোহাম্মদ ওয়াসিম ৩৯, জনি বেয়ারস্টো করেন ৩৭ রান। টম ব্যানটন করেন ৩২ রান। সাকিব ১২ বলে ৪ চারে ১৬ রান করে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন। তার ক্যারিয়ারে প্রথম রিটায়ার্ড আউট, সাধারণত দলের প্রয়োজনে দলগত সিদ্ধান্তে এ আউট হন একজন ব্যাটার। শেষ সময়ে ঝড় তুলে বড় রানের পুঁজির জন্য সাকিবের বদলে ক্রিজে আসেন পোলার্ড, অবশ্য ৪ রান করে আউট হন ক্যারিবীয় ব্যাটার। রোমারিও শেফার্ড করেন অপরাজিত ৩১ রান।
ওয়ারিয়র্সের হয়ে ৩টি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট নেন মাহেশ থিকসানা, সাউদি এবং জুনায়েদ সিদ্দিকি।
জবাবে শুরুটা ভালো না হলে চতুর্থ উইকেটে ৫৯ বলে ১০৪ রানের জুটি গড়েন টম কোহলার-ক্যাডমোর এবং সিকান্দার রাজা। কোহলার ৪২ বলে ৫১ রান, রাজা ৩৩ বলে ৬৪ রান করেন। ওয়ারিয়র্সের আর কোন ব্যাটার সুবিধা করতে পারেননি।
এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন এএম গাজানফার এবং নাভিন উল হক। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি, জাহুর খান এবং শেফার্ড। সাকিব ২ ওভার বলে করে দেন ২৭ রান।








