অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা তাড়াতাড়ি কেটে যাবে। যথা সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে। এসময় উপদেষ্টা বলেন, সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃংখলা ও সার্বিক পরিস্থিত নিয়ে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং যুবায়ের দুই পক্ষই গতকাল আমাদের সাথে প্রেসব্রিফিংয়ে ছিলো। অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না । কঠোর হস্তে তাদের দমন করা হবে।
যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুতি রয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ১৮৫ জনের মতো কাজে যোগ দেয়নি, এই সংখ্যা নগন্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি’ ও রয়েছে। নির্বাচনসহ যেকোনো অবস্থা মোকাবেলা করতে অসুবিধা হবে না।
সভায় অন্যদের মধ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।








