ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন হওয়ার বেশ শক্তপোক্ত দাবিদার ভারত। সুপার এইটের এক হারে সেই যাত্রা এখন কঠিন। গত রাতে জিম্বাবুয়েকে যখন ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে হারাল, তখন ভারতের সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে আরও কঠিন। নেট রানরেটে পিছিয়ে পড়া স্বাগতিকদের শুধু জিতলেই হবে না, ব্যবধান রাখতে হবে বেশ বড়। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের উপরও।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়ে ক্যারিবীয়দের ঝড়ো ব্যাটিংয়ের মুখে পড়ে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের পাহাড়সম পুঁজি গড়ে উইন্ডিজ। জবাবে ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সেখানেই দশা বেড়েছে ভারতের।
ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, দুদলই বড় জয়ে ভারতের জন্য মূল সমস্যার কারণ হয়ে উঠেছে। ভারতের পরের দুই ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যে দুটি ম্যাচ তাদের জিততেই হবে, পাশাপাশি সাউথ আফ্রিকাকে জিততে হবে উইন্ডিজ এবং সিকান্দার রাজাদের বিপক্ষে। তাহলে ভারত যেতে পারবে সেমিতে।
অন্যদিকে যদি ক্যারিবিয়ানরা প্রোটিয়াদের হারিয়ে দেয় এবং ভারত বাকি দুটি ম্যাচেই জেতে, তবে সাউথ আফ্রিকা, উইন্ডিজ এবং ভারতের পয়েন্ট হবে ৪ করে। সেক্ষেত্রে সেমির টিকিট পাবে সেই দুদল, যাদের নেট রানরেট বেশি। ভারতের বর্তমান নেট রানরেট -৩.৮০০, যা অত্যন্ত খারাপ, তাই পরের দুম্যাচে বিশাল ব্যবধানে না জেতা ছাড়া বিকল্প নেই সূর্যকুমারদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজের ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +৫.৩৫০ এবং সাউথ আফ্রিকার ২ পয়েন্টে নেট রানরেট +৩.৮০০।
ভারত যদি একটি ম্যাচে হেরে যায়, তাহলে সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সমীকরণ বলছে, জিম্বাবুয়ের কাছে হারলে সেমির আশা বাঁচিয়ে রাখতে উইন্ডিজের বিপক্ষে জিততেই হবে ভারতকে। পাশপাশি প্রোটিয়াদের বাকি ম্যাচগুলো জিততে হবে, তখন ভারত-জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ তিন দলের সমান ২ পয়েন্ট থাকবে এবং নেট রানরেটে এগিয়ে থাকা দল সেমির টিকিট নিশ্চিত করবে। সেক্ষেত্রে ভারতের এবং সাউথ আফ্রিকার উইন্ডিজের বিপক্ষে বড় জয় লাগবে। এসময় যদি এইডেন মার্কারামরা বাকি দুই ম্যাচ হারেন, তাহলে সূর্যকুমার যাদবের দল ছিটকে যাবে।
বৃহস্পতিবার এই জটিল সমীকরণের অবসান প্রায় হয়ে যাবে। আহমেদাবাদে বিকেল সাড়ে ৩টায় সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে ওয়েস্ট উইন্ডিজ, যেখানে প্রোটিয়ারা জিততে পারলে স্বস্তি ফিরে পাবে স্বাগতিকরা। একইদিনে সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ভারত।
উল্লেখ্য, প্রতিটি দল ১টি করে ম্যাচ খেলেছে। উইন্ডিজ এবং সাউথ আফ্রিকা ১টি করে জয় নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে। একটি করে হারে তৃতীয় স্থানে ভারত এবং টেবিলের তলানিতে রয়েছে জিম্বাবুয়ে।


