রাজনৈতিক চাপে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তাতে অস্থিরতা বেড়েছে দুদেশের ভূরাজনৈতিক সম্পর্কে। চলমান অস্থিরতা ঘিরে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না হয়ে শ্রীলঙ্কায় যেন হয়, আইসিসিকে সেই অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল।
আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের চাপে তাকে শনিবার ছেড়ে দেয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে আসিফ নজরুল লেখেন, যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরও ভারতে খেলতে যেতে পারছেন না, সেখানে পুরো টিম ভারতে যাওয়াটা নিরাপদ না।
আসিফ নজরুল লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’
পাশাপাশি বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় সেজন্য তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আসিফ নজরুল। লিখেছেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’








