ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে এখন বাংলাদেশ ক্রিকেট দল। বেশ খোশমেজাজেই পার করছে সময়। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পরদিন বেশ আমুদে মেজাজে ছিল লাল-সবুজের দল।
আইসিসি মিডিয়া ডে’তে শনিবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা অফিসিয়াল ফটো-শ্যুটে অংশ নিয়েছেন। যার সংক্ষিপ্ত ভিডিও (রিল) আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়।
ভিডিওর একদম শুরুতে ক্যামেরার সামনে বল হাতে দেখা দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ডায়াসে পায়ে ভর দিয়ে হাঁটু নাড়িয়ে নৃত্যের ভঙ্গিতে মেতে ওঠেন মেহেদী হাসান মিরাজ।
বন্দুক হাতে নিশানা ঠিক রেখে মজা করে গুলি ছোড়ার অভিনয় করেন পেসার শরিফুল ইসলাম। বক্সিং স্টাইলে ঘুষি মারার ভঙ্গির সময় হাসান মাহমুদ হাসছিলেন।
বলিউড বাদশাহ শাহরুখ খানের অনুকরণে দুই হাত প্রসারিত করে হাস্যোজ্জ্বল মুখে তাসকিন আহমেদ ছিলেন বেশ ফুরফুরে। ব্যাট হাতে ভরসার প্রতীক হয়ে ওঠা নাজমুল হোসেন শান্ত আপার কাটের প্রস্তুতিটাই যেন সারলেন।
মুশফিকুর রহিমকে ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা যায়। এরপর আবারও ক্যামেরার সামনে আসেন মোস্তাফিজ। ক্যাচ নেয়ার মতো করে হাত পেতে থাকতে দেখা যায় তাকে।

মাইক হাতে গায়কের ভূমিকায় অবতীর্ণ হন স্পিনার নাসুম আহমেদ। পরে ক্যামেরা হাতে হেসে কুটিকুটি হন শরিফুল। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে দেন বাঘের হুঙ্কার। তাকে ব্যাটিং শটের আদলে পোজ দিতেও দেখা যায়।
নাসুম মাইক হাতে রাতারাতি বনে যান সাংবাদিক। তাসকিনের মুখের সামনে ধরেন বুম। টাইগার পেসার ক্যামেরায় তাকিয়ে হাসতে থাকেন।
সোমবার ইংল্যান্ডের বিপক্ষে গৌহাটিতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান।








