বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ৩৫ বর্ষী ভারতীয়।
টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে। আগেই জানিয়েছেন তৃতীয় মেয়াদে তিনি আর প্রধানের দায়িত্বে থাকতে চান না। ২০২০ সালে আইসিসি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন বার্কলে।
প্রধানের আসনে থাকতে বার্কলের অনাগ্রহ জানানোর পর নতুন চেয়ারম্যান নির্বাচনের কথা ছিল। ২৭ আগস্ট ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ নাম জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসি নতুন চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করেছে।
আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসি প্রধানের দায়িত্ব শুরু করবেন জয় শাহ। এর আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।
ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জয় শাহ। তার আগে জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিভিন্ন মেয়াদে আইসিসি প্রধানের দায়িত্ব পালন করেছেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ৬ বছর আইসিসি সভাপতির পদে থাকছেন ভারতীয় ক্রিকেট সংগঠক। আইসিসি সভাপতির দায়িত্ব নেয়ার কারণে বিসিসিআইয়ের সচিবের পদ ছাড়তে হবে জয় শাহকে। এই জায়গায় দেখা যেতে পারে নতুন কাউকে।







